Health

ITBD https://bmainn.blogspot.com/2020/08/blog-post_95.html

ফাল্গুনী

কাজী নজরুল ইসলাম

 


সখি পাতিসনে শিলাতলে পদ্মপাতা,

সখি দিসনে গোলাব-ছিটে খাস্‌ লো মাথা!

যার অন্তরে ক্রন্দন

করে হৃদি মন্থন

তারে হরি-চন্দন

কমলী মালা-

সখি দিসনে লো দিসনে লো, বড় সে জ্বালা!

বল কেমনে নিবাই সখি বুকের আগুন!

এল খুন-মাখা তৃণ নিয়ে খুনেরা ফাগুন!

সে যেন হানে হুল্‌-খুনসুড়ি,

ফেটে পড়ে ফুলকুঁড়ি

আইবুড়ো আইবুড়ো

বুকে ধরে ঘুণ!

যত বিরহিণী নিম্‌-খুন-কাটা ঘায়ে নুন!

 

আজ লাল-পানি পিয়ে দেখি সব-কিছু চুর!

সবে আতর বিলায় বায়ু বাতাবি নেবুর!

ল মাদার আশোক ঘা,

রঙন তো নাজেহাল!

লালে লাল ডালে-ডাল

পলাশ শিমুল!

সখি তাহাদের মধু ক্ষরে-মোরে বেঁধে হুল্‌!

 

নব সহকার-মঞ্জরী সহ ভ্রমরী!

চুমে ভোমরা নিপট, হিয়া মরে গুমরি

কত ঘাটে ঘাটে সই-সই

ঘট ভরে নিতি ওই,

চোখে মুখে ফোটে খই,-

আব-রাঙা গাল,

যত আধ-ভাঙা ইঙ্গিত তত হয় লাল!

 

আর সইতে পারিনে সই ফুল-ঝামেলা!

প্রাতে মল্লী চাঁপা, সাঁজে বেলা চামেলা!

হের ফুটবো মাধী হুরী

ডগমগ তরুপুরী,

পথে পথে ফুলঝুরি

সজিনা ফুলে!

এত ফুল দেখে কুলবালা কূল না ভুলে!

 

সাজি বাটা-ভরা ছাঁচিপান ব্যজনী-হাতে

করে স্বজনে বীজন কত সজনী ছাতে!

সেথা চোখে চোখে সঙ্কেত

কানে কথা-যাও ধেৎ,-

লে-পড়া অঙ্কেতে

মন্‌মথ-ঘায়!

আজ আমি ছাড়া আর সবে মন-মত পায়।

 

সখি মিষ্টি ও ঝাল মেশা এল এ কি বায়!

এ যে বুক যত জ্বালা করে মুখ তত চায়!

এযে শরাবের মতো নেশা

এ পোড়া মলয় মেশা,

ডাকে তাহে কুলনাশা

কালামুখো পিক।

যেন কাবাব করিতে বেঁধে কলিজাতে শিক্‌!

 

এল আলো-রাধা ফাগ ভরি চাঁদের থালায়

ঝরে জোছনা-আবীর সারা শ্যাম সুষমায়!

যত ডাল-পালা নিম্‌খুন,

ফুলে ফুলে কুঙ্কুম্‌,

চুড়ি বালা রুম্‌ঝুম,

হোরির খেলা,

শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা!

 

আজ সঙ্কেত-শঙ্কিত বন-বীথিকায়

কত কুলবধূ ছিঁড়ে শাড়ি কুলের কাঁটায়!

সখি ভরা মোর এ দুকুল

কাঁটাহীন শুধু ফুল!

ফুলে এত বেঁধে হুল?

ভালো ছিল হায়,

সখি ছিঁড়িত দুকূল যদি কুলের কাঁটায়!

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?