Health

ITBD https://bmainn.blogspot.com/2020/08/blog-post_82.html

চাঁদনী রাতে

কাজী নজরুল ইসলাম

 


কোদালে মেঘের মউজ উঠেছে গগনের নীল গাঙে,

হাবুডুবু খায় তারা-বুদবুদ, জোছনা সোনায় রাঙে!

তৃতীয়া চাঁদের সাম্পানে চড়ি চলিছে আকাশ প্রিয়া,

আকাশ-দরিয়া উতলা হল গো পুতলায় বুকে নিয়া।

তৃতীয়া চাঁদের বাকি তের কলা আবছা কালোতে আঁকা

নীলিম-প্রিয়ার নীলা গুল রুখ অব-গুণ্ঠনে ঢাকা।

সপ্তর্ষির তারা-পালঙ্কে ঘুমায় আকাশ-রাণী,

সেহেলি লায়লী দিয়ে গেছে চুপে কূহেলী-মশারী টানি!

দিক-চক্রের ছায়া-ঘন ঐ সবুজ তরুর সারি,

নীহার-নেটের কুয়াশা মশারি ওকি বর্ডার তারি?

সাতাশ তারার ফুল-তোড়া হাতে আকাশ নিশুতি রাতে

গোপনে আসিয়া তারা-পালঙ্কে শুইল প্রিয়ার সাথে!

উহু উহু করি কাঁচা ঘুম ভেঙে জেগে ওঠে নীলা হুরী,

লুকিয়ে দেখে তা চোখ গেল বলে চেঁচায় পাপিয়া ছুঁড়ি!

মঙ্গল তারা মঙ্গল-দীপ জ্বালিয়া প্রহর জাগে,

ঝিকিমিকি করে মাঝে মাঝে- বুঝি বধূর নিশাস লাগে!

উল্কা-জ্বালার সন্ধানী-আলো লইয়া আকাশ-দ্বারী

কাল-পুরুষ সে জাগি বিনিদ্র করিতেছে পায়চারি!

 

সেহেলিরা রাতে পালায়ে এসেছে উপবনে কোন আশে,

হেথা হোথা ছোটে-পিকের কণ্ঠে ফিক ফিক করে হাসে!

আবেগে সোহাগে আকাশ-প্রিয়ার চিবুক বাহিয়া ও কি

শিশিরের রূপে ঘর্ম-বিন্দু ঝরে ঝরে পড়ে সখি,

নবমী চাঁদের সসারে ও কে গো চাঁদিনী-শিরাজি ঢালি

বধূর অধর ধরিয়া কহিছে- তহুরা পিও লো আলি!

কার কথা ভেবে তারা-মজলিসে দূরে একাকিনী সাকী

চাঁদের সসারে কলঙ্ক-ফুল আনমনে যায় আঁকি।

ফরহাদ-শিরী-লায়লী-মজনু মগজে করেছে চিড়,

মস্তানা শ্যামা দধিয়াল টানে বায়ু-বেয়ালার মীড়!

আনমনা সাকী! অমনি আমারো হৃদয় পেয়ালা-কোণে

কলঙ্ক-ফুল আনমনে সখি লিখো মুছো ক্ষণে ক্ষণে ।

অন্যদের সাথে শেয়ার করুন

admin
পোস্ট করেছেনঃ admin
পোস্ট ক্যাটাগরিঃ ,
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

টেক জান প্রো কী?